ফরিদপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ফরিদপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি।

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ট্রলার ও স্পিডবোটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে সাইমন শরীফকে (২৭) গ্রেফতারের পর সকালে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সে ভাঙ্গা উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার কুমার নদে গত বুধবার কিশোর-যুবকরা স্পিডবোটে রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। 

সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় এ নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

সেই ভিডিওর তথ্য বিশ্লেষণ করে মাঠে নামে সেনাবাহিনীর একটি টিম। সেনাবাহিনীর ‘১৫ আরই’ ব্যাটালিয়নের দলটি স্থানীয় পুলিশের সহযোগিতায় শুক্রবার ভোররাতে অভিযান পরিচালনা করে। 

এ সময় গ্রেফতার সাইমনের কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত এক রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়। সাইমনকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে থানা হেফাজতে দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার গ্রেফতার যুবককে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার কুমার নদে ট্রলারে সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে তালে নানা অঙ্গভঙ্গিতে মেতে ওঠে কিশোর ও যুবকরা। এ সময় অস্ত্রের মহড়া দেয় তারা।

তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়।