সুস্থতা চেয়ে যে দোয়া নিয়মিত পড়তেন নবীজি (স.)
ছবি: সংগৃহীত
ইসলামে দোয়া হলো ইবাদতের মূলতত্ত্ব। রাসুলুল্লাহ (স.) তাঁর দৈনন্দিন জীবনে যেসব দোয়া পড়তেন, সেগুলো আমাদের জন্য আদর্শ। এমনই একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যাতে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা, সুস্থতা, ক্ষমা ও গোপন দোষসমূহ থেকে রক্ষার প্রার্থনা রয়েছে। এ দোয়া শারীরিক সুস্থতাসহ জীবনব্যাপী নিরাপত্তা ও কল্যাণের একটি পূর্ণাঙ্গ আবেদন।
দোয়াটি হলো- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاىَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي وَآمِنْ رَوْعَاتِي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বিনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাস তুর আওরাতি ওয়া আমিন রওআতি।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে সুস্থতা ও নিরাপত্তা চাই। হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা ও সুস্থতা চাই। দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের জন্য কল্যাণ চাই। হে আল্লাহ, আপনি আমার দোষ গোপন রাখুন এবং আমাকে ভয়-ভীতি থেকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, ওপর ও নিচের ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন।
হজরত ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (স.) উক্ত দোয়াটি সকাল ও সন্ধ্যায় কখনো বাদ দিতেন না।’ (সুনান আবু দাউদ: ৫০৭৪)
দোয়াটির তাৎপর্য ও গভীরতা
- এটি কেবল শারীরিক সুস্থতার দোয়া নয়; মানসিক, আত্মিক এবং পারিবারিক শান্তির প্রার্থনাও।
- দ্বীন ও দুনিয়ার সবরকম নিরাপত্তার আকাঙ্ক্ষা।
- গোপন দোষ আড়াল ও সকল ভয় থেকে মুক্তির আবেদন।
পাঠের সময় ও পদ্ধতি
প্রতিদিন সকাল ও সন্ধ্যায়; মনোযোগসহ পড়ুন এবং পরিবারের সদস্যদেরও শেখান।
রাসুল (স.)-এর এই দোয়া আমাদের জীবনের জন্য একটি পরিপূর্ণ নিরাপত্তার বর্ম। এটি আমাদের শেখায় কীভাবে দৈনন্দিন জীবনে আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের পূর্ণাঙ্গ মঙ্গল কামনা করতে হয়। এই দোয়া অন্তরে ধারণ করে নিয়মিত পাঠ করা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার মাধ্যমে হিফাজত ও রহমতের ছায়ায় রাখুন। আমিন।