সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন:ধর্ম উপদেষ্টা
সংগ্রহীত ছবি
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আপনারা যাঁরা পূজার্থী, তাঁরা সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। আপনারা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সার্বক্ষণিক নিরপত্তার বিষয়ে খেয়াল রাখবে।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘পূজা ঘিরে নাশকতা রোধে সব গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সঙ্গে কথা হয়েছে।
তাদের কাছে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ।’
গতকাল চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
দক্ষিণ নালাপাড়া সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসীত বরণ সেনের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা, দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনিল পাল প্রমুখ।