নারায়ণগঞ্জে ফতুল্লার যুবলীগ ক্যাডার আপেল গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
নারায়ণগঞ্জে ফতুল্লার জামতলা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কালের কণ্ঠকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আপেল নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের ক্যাডার ছিলেন। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে এলাকায় চাঁদাবাজি ও মাদক কারবারি নিয়ন্ত্রণ করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজমেরী ওসমানের সঙ্গে শহরে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি করতেও দেখা যায়। শেখ হাসিনার পতনের পর ওসমান পরিবার সব সদস্য পালিয়ে গেলেও আপেল এলাকাতেই আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি তিনি প্রকাশ্যে আসেন এবং মাদক কারবারি শুরু করেছিলেন।
ওসি শরিফুল ইসলাম জানান, জামতলা ধোপাপট্টি এলাকার বাসিন্দা আপেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পর একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন ফকিরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।