খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার বিক্ষোভ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার বিক্ষোভ

সংগ্রহীত ছবি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সেনাবাহিনীর সহায়তায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত  মঙ্গলবার রাতে জেলা সদরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল জেলায় আধাবেলা সড়ক অবরোধ ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন।

ঘটনার শিকার ছাত্রীর বাবার অভিযোগ, প্রতিদিনের মতো মঙ্গলবারও তার মেয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল। কিন্তু বাড়িতে ফিরতে দেরি করায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে স্থানীয় একটি মন্দিরের পাশে পরিত্যক্ত জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর মেয়ে জানায় তাকে কয়েকজন যুবক চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণ করেছে- এমন অভিযোগ জানায়।

পরে তিনি এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামের একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা।

জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আজ বুধবার সকাল ১১টার দিকে কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উক্যেনু মারমার সভাপতিত্বে সমাবেশে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবির স্বপক্ষে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।

এদিকে পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারীসংঘ।