গাইবান্ধায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, ভুক্তভোগী ঘরছাড়া

গাইবান্ধায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, ভুক্তভোগী ঘরছাড়া

সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল হক সুলতান নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হামলাকারীদের অব্যাহত হুমকিতে সুলতানের পরিবার বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর মধ্য ভাঙ্গামোড় গ্রামে গিয়ে দেখা গেছে- সুলতানের বাড়িতে ভাঙচুর ও জমি দখলের চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গামোড় গ্রামের মৃত করিম প্রামানিকের ছেলে আশরাফুল হক সুলতান পৈতৃক সূত্রে জমি পেয়ে ঘর-বাড়ি স্থাপন করে বসবাস করছেন। প্রায় ৫ বছর ধরে এ বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস তার। এরই মধ্যে তার সহোদর ভাই শাহজাহান প্রামানিক ও শাহিদুল প্রামানিক গংরা ওই জমিটি দখলের পাঁয়তারা করে আসছেন। তাদের এ পরিকল্পনা অনুযায়ী গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে লাঠি-অস্ত্র নিয়ে সুলতানের বাড়িতে হামলা চালিয়ে শয়নকক্ষে ভাঙচুর করেছেন। তখন সুলতান মিয়া বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেন হামলাকারীরা।

ভুক্তভোগী আশরাফুল হক সুলতান বলেন, হামলাকারীরা শুধু ঘর-বাড়িই ভাঙচুর করে ক্ষান্ত হয়নি। তারা আমার ঘরের নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে আমাকে ও আমার স্ত্রী-সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। এ কারণে ভয়ে বাড়িছাড়া হয়ে অন্যত্র পালিয়ে আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত শাহজাহান প্রামানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে শাহিদুল প্রামানিকের ছেলে মাছুদ প্রামানিক বলেন, সুলতানের ঘরের জায়গাটি আমাদের। তাই আমরা ঘর ভেঙে দিয়ে জমিটি বের করে নিয়েছি। এর আগে আমার বাবা ও আমাকে মারধর করেছে সুলতান প্রামানিক।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই স্থানে ভাঙচুরের বিষয়টি জানা নেই। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।