দুর্গাপূজার বিশেষ নাটক ‘রাধিকা’
ছবি: সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে ২ অক্টোবর রাত সাড়ে দশটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাধিকা’। এক সংগ্রামী তরুণীর জীবনের গল্প উঠে এসেছে এতে।
গল্পে দেখা যাবে, দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি কিন্তু কঠিন প্রকৃতির। গ্রামে শাক সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়।
তবে তার কঠিন মেজাজের কারণে অনেকে দূরত্ব বজায় রাখে। গরীব হলেও তার চোখের চাহনিতে যেন আগুন ঝরে। সে কাউকে বিশ্বাস করে না। প্রতিদিন বাজারে পণ্য বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফেরে।
ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। তাও বয়সের ভারে ক্লান্ত,কর্মহীন। মেয়েকে উপার্জন করে সংসার চালাতে হয়। এদিকে রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে কথা বলার সাহস পায় না। বিষয়টা খেয়াল করে রাধিকা।
অন্যদের চেয়ে মাধবকে একটু আলাদা মনে হয় তার কাছে। তাই কিছুটা প্রশ্রয় দেয়। সরাসরি না বললেও মাধব তার আচার আচরণে বোঝায় রাধিকাকে সে ভালোবাসে। এক পর্যায়ে রাধিকাও দুর্বল হয়ে পড়ে মাধবের প্রতি। দুই জনের মধ্যে ভাবের আদান প্রদান হয়। ঘর বাঁধার স্বপ্ন দেখে তারা। কিন্তু এক ঝড় এসে সেই স্বপ্ন কেড়ে নেয়।
আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।