গাছে আলুবোঝাই ট্রাকের ধাক্কা, চালক নিহত

গাছে আলুবোঝাই ট্রাকের ধাক্কা, চালক নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ইদ্রিস মহাজন (৪৮) নিহত হয়েছেন। 

বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিসের লিডার হায়াতুন নবী জানান, আলুবোঝাই একটি ট্রাক কমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ইদ্রিস মহাজন ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মৃত সুলতান মহাজনের ছেলে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, মিরসরাইয়ে আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।