৭২-এর সংবিধান ভারতের কপি, দেশের মানুষ নতুন সংবিধান রচনা করুক :মুহাম্মদ ফয়জুল করিম

৭২-এর সংবিধান ভারতের কপি, দেশের মানুষ নতুন সংবিধান রচনা করুক :মুহাম্মদ ফয়জুল করিম

সংগ্রহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ১৯৭২ সালের সংবিধান ভারতের হুবহু কপি। এটি বাংলাদেশের নয়, ভারতের সংবিধান। ভারতের মতো করেই সাজানো হয়েছে। আমরা চাই না ভারতীয় সংবিধান আমাদের দেশে থাকুক।

আমরা চাই, বাংলাদেশের মানুষ নিজেরাই সংবিধান রচনা করুক।’

বুধবার (১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে (ঝাউতলা) ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, বিগত দিনে ক্ষমতাসীন সব দল জনগণের কল্যাণ ভুলে গিয়ে নিজেদের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণ বারবার প্রতারিত হয়েছে।

৫ আগস্টের পর বিএনপির চাঁদাবাজি ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এখন সময় এসেছে সত্যিকার ন্যায়ভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠার।

তিনি আরো বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই আন্দোলন বৃথা যাবে। জনগণের রক্ত ও ত্যাগের মর্যাদা দিতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর সিস্টেম) নির্বাচন দিতে হবে।

ন্যায্য দাবি পূরণ না হলে জাতীয় পার্টিসহ সব ফ্যাসিবাদী দোসর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আন্দোলন চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী–১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মনোনীত প্রার্থী মুফতি মো. হাবিবুর রহমান। সঞ্চালনা করেন সমন্বয়ক আলহাজ আব্দুল গণি হাওলাদার ও যুগ্ম সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী–৪ আসনের প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী–৩ আসনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক, জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সিনিয়র সহসভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিমসহ অন্যান্য নেতারা।