দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও অতি ভারী বর্ষণের আভাস
ফাইল ছবি
ঢাকাসহ দেশের অন্তত ৯ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিস এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে।
যেসব জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো—ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বার্তায় আরও জানানো হয়েছে, ঝড়ের সময় বজ্রপাতসহ বৃষ্টিপাতও হতে পারে। এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।