শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

ফাইল ছবি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও ত্রাণবাহী জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ঘটনার প্রতিবাদে দলটি শুক্রবার (০৩ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, “ইসরায়েল একটি বর্বর ও মানবতার শত্রু শক্তি, যারা আন্তর্জাতিক কোনো আইন-কানুন মানে না। নিজেদের স্বার্থে তারা নির্দ্বিধায় মানবিক সহায়তা মিশনেও হামলা চালাতে দ্বিধা করে না।”

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এতে অংশ নিয়েছে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে এ উদ্যোগে যুক্ত হয়েছেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মহৎ মানবিক উদ্যোগকে সশস্ত্র ভাবে প্রতিহত করে ত্রাণসামগ্রী জব্দ করেছে। এটি আসলে গোটা বিশ্বের সঙ্গে এক প্রকার যুদ্ধ ঘোষণা।’

গাজী আতাউর রহমান বলেন, ‘ইসরায়েলকে এখনই প্রতিহত করতে না পারলে তারা একসময় ইউরোপের টুটিও চেপে ধরবে। এখন ইউরোপীয় সরকারগুলো কী পদক্ষেপ নেয়, তা-ই হবে মূল পরীক্ষা—তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।’

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠকে আরও উচ্চকিত করতে হবে।’

ঘোষণা দিয়ে তিনি জানান, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে, যেখানে ইসরায়েলের এই আগ্রাসী আচরণের প্রতিবাদ জানানো হবে।