অপহরণের ১১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রতিকি ছবি
ময়মনসিংহের ভালুকায় অপহরণের সাড়ে তিন মাস পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব-১৪। নরসিংদীর মনোহরদী উপজেলা সদরে বিশেষ অভিযানে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। এ সময় মামলার প্রধান আসামি বাবন চন্দ্র দাসকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ র্যাব-১৪ বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদী মনোহরদী উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করে মনোহরদী থানা হয়ে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে। পরে ভালুকা মডেল পুলিশ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুন ভালুকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে অস্ত্রের মুখে একটি কালো প্রাইভেটকারে করে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নেয় বাবন চন্দ্র দাস ও তার সহযোগীরা। এরপর গোপন আস্তানায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পরে ছাত্রীকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে আসামি। এমনকি গত ১৬ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে তাকে হিন্দু ধর্মে রূপান্তরিত করে বিয়ে করে বাবন চন্দ্র দাস।
ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২২ জুলাই আদালতে বাবন চন্দ্র দাসসহ সাতজনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে ভালুকা মডেল থানা পুলিশ। তবে পুলিশের একাধিক অভিযানে ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।