‘ভারত বিশ্বের এক নম্বর, কিন্তু আচরণ তৃতীয় শ্রেণির’

‘ভারত বিশ্বের এক নম্বর, কিন্তু আচরণ তৃতীয় শ্রেণির’

সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫ জুড়েই একের পর এক বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্সে তারা সেরা হলেও, মাঠের বাইরে আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে তিনবারের সাক্ষাতে প্রতিবারই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে অনীহা দেখিয়েছেন। এমনকি ফাইনালে জয় পাওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তানের কেয়ারটেকার ক্রিকেট প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানান তারা।

এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। পাকিস্তানের এআরওয়াই নিউজকে তিনি বলেন,“ভারত বিশ্বের এক নম্বর দল হতে পারে, কিন্তু তাদের আচরণ ছিল তৃতীয় শ্রেণির। এটা পুরোপুরি অপেশাদার ও ছেলেমানুষি আচরণ।”

বাসিত আরও বলেন,“মোহসিন নাকভি এসিসির প্রধান। তার হাত থেকে ট্রফি না নিলে সেটা শুধু অসম্মান নয়, পুরো ক্রিকেট বিশ্বের চোখে নিজেরাই ছোট হয়ে যাবে। যদি পাকিস্তান এমন করত, তাহলেও আমি বলতাম পাকিস্তান ভুল করেছে।”

তিনি মনে করেন, খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত।“তোমরা জিতেছ, দারুণ খেলেছ; কিন্তু এর মানে এই নয় যে অহংকারে ভরে যাবে। আচরণেও বড় হতে হয়,”- মন্তব্য বাসিত আলির।

ভারতের এমন আচরণ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই মনে করছেন, খেলাধুলার সৌন্দর্য বজায় রাখতে খেলোয়াড়দের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।