ঢাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
প্রতিকি ছবি
ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ দুই সহযোগীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহীনির ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ, তার সহযোগী মো. ফরিদ উদ্দিন ও মো. রবিনকে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, সাংবাদিকদের ওপর হামলা, ভয় দেখিয়ে টাকা আদায়, কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আকাশ ও তার সহযোগীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। বিশেষ করে একজন সাংবাদিককে গলা টিপে ধরাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও যৌথ বাহিনীর গোচরীভূত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আকাশ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের নাম করে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে লিপ্ত হয়। এছাড়া সে বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিত মব সৃষ্টি করে নিরীহ মানুষদের মারধর, বাজার দখল এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে থাকত।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে আহ্বান জানানো হয়।