হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: স্ট্যাটাস রিশেয়ার এবং মেসেজ অনুবাদের সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: স্ট্যাটাস রিশেয়ার এবং মেসেজ অনুবাদের সুবিধা

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে দুটি নতুন গুরুত্বপূর্ণ ফিচার—স্ট্যাটাস পুনরায় শেয়ার করার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং মেসেজ অনুবাদের সুবিধা। এই নতুন বৈশিষ্ট্যগুলো কীভাবে ইউজারের গোপনীয়তা ও চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করবে, জেনে নিন।

হোয়াটসঅ্যাপ চ্যাট রিশেয়ার ফিচার
হোয়াটসঅ্যাপ তার ইউজারদের চ্যাটিং এবং সোশ্যাল শেয়ারিং অভিজ্ঞতা উন্নত করার জন্য ক্রমাগত নতুন ফিচার চালু করছে। এখন, মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার অ্যানড্রয়েড অ্যাপে একটি নতুন ফিচার পরীক্ষা করছে যা ইউজারদের তাদের স্ট্যাটাস আপডেটের ওপর আরও নিয়ন্ত্রণ দেবে।

ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের মাধ্যমে বন্ধুদের এবং পরিবারের সঙ্গে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করে, কিন্তু কখনও কখনও তারা তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে চায় না। হোয়াটসঅ্যাপ এই সমস্যাটি মাথায় রেখে এই নতুন বৈশিষ্ট্যটি নিয়ে কাজ করছে।

প্রতিবেদন অনুসারে, এই ফিচার ইউজারদের তাদের স্ট্যাটাস পুনরায় কে শেয়ার করতে পারবে তা বেছে নিতে দেবে। শুধু তা-ই নয়, যখন কেউ কারও স্ট্যাটাস রিশেয়ার করবে, তখন মূল ইউজারের তথ্য প্রকাশ করা হবে না, ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

ফিচার ট্র্যাকার হোয়াটসঅ্যাপ বেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, এই ফিচারটি অ্যানড্রয়েড সংস্করণ ২.২৫.২৭.৫-এর জন্য হোয়াটসঅ্যাপ বেটাতে দেখা গিয়েছে। বর্তমানে, এটি শুধুমাত্র গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে রেজিস্টারড বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। ভবিষ্যতে এটি আরও বৃহত্তর ব্যবহারকারী বেসে চালু করা হতে পারে।

বিভ্রান্তি এড়াতে পুনরায় শেয়ার করা জিনিসের উপরে স্ক্রিনের শীর্ষে একটি লেবেল প্রদর্শিত হবে। কেউ যখন স্ট্যাটাস পুনরায় শেয়ার করবে, তখন স্ট্যাটাসের মালিক একটি বিজ্ঞপ্তি পাবেন, কিন্তু তাঁর ব্যক্তিগত তথ্য দেখা যাবে না।

মেসেজ অনুবাদের সুবিধা হোয়াটসঅ্যাপে
অন্য দিকে, ইউজারদের মেসেজ ট্রানসলেশনের সুবিধাও দেবে হোয়াটসঅ্যাপ। প্রথমে কোনও টেক্সট মেসেজ এল! এবার  হোয়াটসঅ্যাপ ইউজাররা সেই মেসেজ একটুক্ষণ চেপে ধরে থাকলে ট্রান্সলেশন অপশন পাবেন, সেই অপশন ট্যাপ করে অন্য ভাষায় একটি বার্তা অনুবাদ করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী অনুবাদের ভাষা বেছে নিতে পারবেন এবং ভবিষ্যতেও ব্যবহার করার জন্য এটি ডাউনলোডও করতে পারবেন।

মেটা আরও বলছে, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সম্পূর্ণ চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের চ্যাটে আসা সমস্ত বার্তাও আপনাআপনি অনুবাদ হয়ে যায়।

প্রাইভেসি এখানেও বজায় থাকবে ষোল আনা। হোয়াটসঅ্যাপের মেসেজ ট্রান্সলেশন ফিচারটি ইউজারের ডিভাইসে স্থানীয়ভাবে বার্তাগুলো প্রসেস করবে, যা এন্ড-টু-এন্ড সিকিউরিটি এবং প্রাইভেসি নিশ্চিত করবে।

আপাতত অ্যানড্রয়েড ইউজারদের জন্য অনুবাদ প্রাথমিকভাবে ছয়টি ভাষায় উপলব্ধ হবে- ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রাশিয়ান এবং আরবি। অন্য দিকে, আইফোন ইউজাররা ১৯টিরও বেশি ভাষায় বার্তা অনুবাদের সুবিধা পাবেন।