সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
প্রতিকি ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে মঞ্জু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে ওই মঞ্জু নামের যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে গ্রামের লোকজন সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবক বহুলি ইউনিয়নের সরাই চন্ডী গ্রামের ইউসুফ আলীর ছেলে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে এবং গলা কাটা অবস্থায় মরদেহটি পড়ে ছিল।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, নিহতের মরদেহ শনাক্ত করার জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খবর দেওয়া হয়েছে পরবর্তীতে তাদের তার নাম ঠিকানা পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
এ দিকে এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, রাতে এলাকায় অপরিচিত ব্যক্তিদের চলাফেরা লক্ষ্য করা গিয়েছিল। তারা দ্রুত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ বলছে, হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, ছিনতাই বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।