নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে মা-ছেলের বিষপানে মৃত্যু
সংগ্রহীত ছবি
নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু (২২) ও তার ছেলে রোহান (৫) বিষপানে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।
মিতুকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
মিতু ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে।
মিতুর মা নূর সাহারা বেগম বলেন, মেয়ের স্বামী একজন দিনমজুর। ওদের সংসারে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। আজ দুপুরেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে আমার বাসায় এসে মেয়ে নিজে বিষ খায়, ছেলেকেও বিষ খাওয়ায়।
তিনি বলেন, ঢাকা মেডিক্যালে আনার পর আমার নাতি রোহানকে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মেয়েকে ভর্তি করা হয় মেডিসিন ওয়ার্ডে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়।
আমার সব শেষ হয়ে গেল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মা ও ছেলেকে রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। পরে মাকে ভর্তি করা হলে তার অবস্থারও অবনতি হয়। একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।