লাউ ক্ষেত থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি লাউ ক্ষেত থেকে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় এক পথচারী হাঁটতে বের হয়ে পুকুরপাড়ের পাশে লাউ ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত নারী গ্রামপুলিশের নাম আন্না রানী দাস। তিনি সলঙ্গা ইউনিয়নের দফাদার পদে কর্মরত ছিলেন এবং ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ দাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে আন্না রানীকে লাউ ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী আরটিভিকে জানান, সকালে আমাদের কাছে খবর আসে যে লাউবাগানের ভিতরে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কাটা-ফাটা দাগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।