আবারও লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৮

আবারও লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৮

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও, লেবাননে সংঘাত অব্যাহত রয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চালানো তীব্র বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আল অ্যারাবিয়ার খবর অনুসারে, এই হামলার কারণে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের সংযোগকারী একটি মহাসড়কও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, মসায়েলেহ গ্রামে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে এই হামলা চালানো হয়, যেখানে বহু যানবাহন ধ্বংস হয়ে যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের সংযোগকারী একটি মহাসড়কও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, হামলার সময় সেখান দিয়ে সবজি বহনকারী একটি গাড়ি যাচ্ছিল। বিমান হামলায় গাড়িটি আঘাতপ্রাপ্ত হলে একজন নিহত ও একজন আহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় পরে জানায়, নিহত ব্যক্তি একজন সিরিয়ান নাগরিক। আহতদের মধ্যে একজন সিরিয়ান ও ছয়জন লেবাননি, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে জঙ্গি হিজবুল্লাহ সংগঠনের অবকাঠামো পুনর্গঠনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি সংরক্ষিত ছিল।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আবারও দক্ষিণ লেবাননের বেসামরিক স্থাপনাগুলো ইসরায়েলের নির্মম আগ্রাসনের শিকার হলো, যার কোনো যুক্তি বা কারণ নেই। প্রেসিডেন্ট আউন আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির পর এমন হামলা অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকেই ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে, যার ফলে এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। ইসরায়েল অভিযোগ হিজবুল্লাহ আবারও নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার টার্ক জানিয়েছেন, যুদ্ধবিরতির পর সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত লেবাননে ১০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তার দপ্তর যাচাই করেছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সময় লেবাননে ৪ হাজারের বেশি মানুষ নিহত হন এবং দেশটির প্রায় ১১ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।