সাঁতার শিখতে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সংগ্রহীত ছবি
ঠাকুরগাঁওয়ে পুকুরে সাঁতার শিখতে নেমে আইমান নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আইমান সদর উপজেলার নারগুন ইউনিয়ন কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলা পরিষদের পুকুরে দুই মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ চলছিল।
শনিবার দুপুরে সাঁতার শিখতে এসে সহপাঠীদের সঙ্গে পুকুরে নামে আইমান। সবার অগোচরে একপর্যায়ে পুকুরে ডুবে যায় সে। পরে তাকে কোথাও খুঁজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসের সহযোগীতায় পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ারে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তিনি বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।
শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে, তিনি কিছুই বলতে পারেন না।