বাজারে টিকতে না পেরে অনেক প্রতিষ্ঠান নকল পণ্য তৈরি করে: শিল্প সচিব
ছবি: সংগৃহীত
শিল্প সচিব ওবায়দুর রহমান বলেছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান বাজারে টিকতে হিমশিম খাচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠান নকল পণ্য তৈরি করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন।
শিল্প সচিব বলেন, আমাদের শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান চিনি শিল্প করপোরেশন দেশে একমাত্র আখের চিনি বানায়। কিন্তু এটাও নকল হয়। আপনি বড় বড় প্রায় প্রত্যেকটা দোকানে আখের চিনি পাবেন, এর মধ্যে অধিকাংশই নকল। প্যাকেটও হুবহু নকল। এসব কোনো না কোনো অসাধু ব্যবসায়ী করছে। তারা প্রকৃত ব্যবসায়ী নয়।
সচিব বলেন, অনেক প্রতিষ্ঠান আগে পণ্যের মান ঠিক রেখে বিএসটিআইয়ের সনদ নেয়। এরপর বাজারে টিকতে না পেরে নামী অন্য প্রতিষ্ঠানের পণ্য নকল করে, অথবা উৎপাদন খরচ কমাতে মান আগের চেয়ে কমিয়ে দেয়। এসব আমরা ঠেকাতে পারছি না। কারণ একমাত্র তদারকি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের সার্ভেইলেন্সে দুর্বলতা আছে।
এখন অহরহ সরকারি প্রতিষ্ঠানের পণ্য নকল হচ্ছে। এছাড়াও বেসরকারি খাতের নামী কোম্পানিগুলোর পণ্যের অবস্থা আরও খারাপ হচ্ছে । তিনি এসব প্রতিষ্ঠানের পণ্যের সুরক্ষা দেওয়ার তাগিদ দিয়েছেন।
এ সময় সচিব দেশে গুণগত পণ্য উৎপাদনের আহ্বান ও রপ্তানি বাজারে সেসব পণ্য রপ্তানিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের বলেন, বাংলাদেশ থেকে অনেক পণ্য রপ্তানি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দেওয়া মান সনদ মানছে না কিছু দেশ। আমরা এটা নিয়ে কাজ করছি। দুটি দেশের সঙ্গে অবাধে পণ্য আমদানি-রপ্তানির জন্য এমওইউ করা হচ্ছে।
সচিব বলেন, আপনারা মানসম্মত পণ্য উৎপাদন করুন, আমাদের সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
বিএসটিআই মহাপরিচালক বলেন, এ দেশে শিল্প উদ্যোক্তারা দারুন কাজ করছে। তারা লাখ লাখ মানুষের কর্মসংস্থান করছে। এখন তাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে।
মহাপরিচালক বলেন, কোটি কোটি টাকা খরচ করে যখন একটি কারখানা মানসম্পন্ন পণ্য উৎপাদন করে, কিন্তু সেটাই নকল করে যখন অন্য কেউ রাস্তায় বিক্রি করে, তখন আমাদের কষ্ট হয়। আমরা প্রকৃত ব্যবসায়ীদের সুরক্ষা দিতে চাই। সেই জোর প্রচেষ্টা চালাচ্ছি।