৪ বছর অচল, এক দিনও চালানো হয়নি উপহারের অ্যাম্বুল্যান্স
সংগ্রহীত ছবি
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছর ধরে অযত্নে পড়ে আছে একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স। করোনা মহামারির সময় ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া অ্যাম্বুল্যান্সটি এক দিনের জন্যও ব্যবহার করা হয়নি। গাড়িটির সামনের গ্লাসও ভেঙে গেছে।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত সরকার ১০৮টি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স উপহার দেয়।
স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হলেও বেশির ভাগ অ্যাম্বুল্যান্স জেলা সদর হাসপাতালেই সীমাবদ্ধ থেকে যায়। উপজেলায় দেওয়া হয় অল্পসংখ্যক। স্বাস্থ্যসেবায় গুরুত্বের কথা চিন্তা করে তৎকালীন চান্দিনার সংসদ সদস্যের তদবিরে একটি অ্যাম্বুল্যান্স চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও তা আর সচল হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, অ্যাম্বুল্যান্সটির জন্য অভিজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, চালক ও রক্ষণাবেক্ষণের অভাবেই তা পড়ে রয়েছে অচল অবস্থায়।
নেই পর্যাপ্ত জ্বালানি বা প্রয়োজনীয় ব্যয় বরাদ্দ। ফলে প্রায় কোটি টাকার আধুনিক যানটি সেবার বাইরে থেকে গেছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আরিফুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে সাধারণ অ্যাম্বুল্যান্সের জন্য একজন চালক আছে। কিন্তু লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স চালানোর জন্য লোকবল সংকট এবং জ্বালানি সরবরাহ না থাকায় বিশেষ ওই অ্যাম্বুল্যান্সটি চালানো যাচ্ছে না।
বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। তবে লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সটি যাতে বিকল না হয় সে জন্য মাঝেমধ্যে অ্যাম্বুল্যান্সটি চালিয়ে সচল রাখতে এবং রক্ষণাবেক্ষণ করতে আমাদের অ্যাম্বুল্যান্স চালককে নির্দেশ দিয়েছি।’