দুর্বল পুয়ের্তো রিকোর সঙ্গে ছেলেখেলা করল আর্জেন্টিনা
সংগৃহীত
দুই দলের ব্যবধানটা স্পষ্ট। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২ বছর ৫ মাস ১২ দিন ফিফা র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ছিল।
১৮ সেপ্টেম্বর হালনাগাদ করা র্যাঙ্কিং অনুসারে তাদের বর্তমান অবস্থান তৃতীয়। তাদের চেয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর সঙ্গে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে তা অনুমেয়ই ছিল। অনেকটা হেসেখেলে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
২০২৩ সাল থেকে মায়ামির চেজ স্টেডিয়াম লিওনেল মেসির ঘরের মাঠ। সেখানেই তিনি আজকের (বুধবার) ম্যাচ দিয়ে জাতীয় দলের একাদশে ফিরলেন। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার একের পর এক সুযোগ হাতছাড়া করার দৃশ্য গ্যালারিতে বসে দেখেছিলেন এই মহাতারকা।
যদিও পুরো হতাশ হতে হয়নি, লো সেলসো-লাউতারোরা ১-০ ব্যবধানে হারান আরেক লাতিন দলকে। গত ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করার আক্ষেপ হয়তো আজ শোধ করার লক্ষ্যে নেমেছিল লিওনেল স্কালোনির দল!