কুমিল্লার চান্দিনায় মাদককে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমের শপথ ৪ শ শিক্ষার্থীর
সংগ্রহীত ছবি
কুমিল্লার চান্দিনায় গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমের শপথ নিয়েছেন ৪ শ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের জমানো টিফিনের টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিনামূল্যে বিতরণ করছেন বলে জানান তারা।
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা দেন চান্দিনা প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ, শিক্ষক ফজলুল হক, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, সংগঠনের উপদেষ্টা শাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য সুবির দেব সৈকত, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, চান্দিনা শাখার প্রচার সম্পাদক শাকিল মোল্লা, সদস্য সুজন ও আরমান।
শিক্ষার্থীরা ডান হাতে লাল কার্ড উঁচিয়ে মাদক, বাল্য বিবাহ ও স্মার্ট ফোন ব্যবহারকে না বলে এবং বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ সুন্দর আগামীর দেশ গড়তে, ভালো মানুষ ও দেশপ্রেমে জাগ্রত হওয়ার শপথ করে।
লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সকল সদস্য শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিতরণ করছেন।
দেশের বিভিন্ন জেলায় তাদের গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। তারা এ বছর ইতোমধ্যে বিনামূল্যে ৪৫ হাজার গাছের চারা বিতরণ শেষ করেছেন।