সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

সংগ্রহীত ছবি

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি উপজেলার যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস কালের কণ্ঠকে বলেন, আজ রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রগ্রামে যাচ্ছিলেন।

পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছলে স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন।

পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলচালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’

সালথা থানার ওসি মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’