চ্যাম্পিয়ন্স লিগেও রদ্রিকে পাচ্ছে না ম্যানসিটি
ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার সিটির জন্য খারাপ খবর। মধ্যমাঠের মূল ভরসা রদ্রি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে না ওঠায় তিনি এবারও দল থেকে ছিটকে গেলেন। ফলে এই সপ্তাহে ভিয়ারিয়াল ও অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই ম্যাচেই তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা।
২৯ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার গত মৌসুমের বেশিরভাগ সময় হাঁটুর বড় ইনজুরিতে মাঠের বাইরে কাটিয়েছিলেন। চলতি মৌসুমেও দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তার। অক্টোবরের ৫ তারিখে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচের প্রথমার্ধেই তিনি মাঠ ছাড়েন হ্যামস্ট্রিং টান অনুভব করে। এরপরই স্পেন জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকেও নাম প্রত্যাহার করেন।
এরপর শনিবার এভারটনের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচেও রদ্রিকে ছাড়াই খেলেছিল সিটি। গার্দিওলা ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, “আমি মনে করি না, সে ভিয়ারিয়াল বা অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে পারবে। সময়টা খুব লম্বা নয়, কিন্তু এটা পেশির চোট, তাই বাড়তি সতর্ক থাকতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা অনেকবার চেষ্টা করেছি যেন ঝুঁকি না নিতে হয়, কিন্তু সেটা পুরোপুরি সম্ভব হয়নি। এখন দেখা যাক কেমন থাকে।” সিটি মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে রদ্রির সাবেক ক্লাব ভিয়ারিয়ালের মাঠে নামবে, এরপর রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে।
আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গার্দিওলার দল এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে।