শেয়ারবাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
ছবি: সংগৃহীত
শেয়ার বাজারে লেনদেন ধারাবাহিকভাবে কমছে। আজ সোমবার (২০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। লেনদেন খরা দেখা দিলেও বাজারটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক।
এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক প্রায় দেড় শতাংশ বা তার বেশি বেড়েছে। তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে প্রায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০০টির। বিপরীতে কমেছে ৫৩টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৭৬টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৭টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে গতকালের তুলনায় আরও ৪৭ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন কমেছে। এদিন মোট ৩৯৪ কোটি ৬৫ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন চলতি বছরের ২৪ জুনের পর সর্বনিম্ন। ওইদিন এক্সচেঞ্জটিতে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।