দক্ষিণ কোরিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান বিডা চেয়ারম্যানের

দক্ষিণ কোরিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান বিডা চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (২১ অক্টোবর) সিউলের পুলম্যান অ্যাম্বাসেডর ইস্টপোল হোটেলে অনুষ্ঠিত ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে এবং বিশ্বব্যাংক গোষ্ঠীর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় এই আয়োজনে অংশ নেন ১৫০ জনেরও বেশি কোরিয়ান উদ্যোক্তা ও শিল্পনেতা।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এখনই বাংলাদেশের সঙ্গে কোরিয়ান ব্যবসায়ীদের অংশীদার হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে ধারাবাহিকভাবে সংস্কার করছে। আমরা কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অংশ নিতে আন্তরিকভাবে আহ্বান জানাই।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি তার উপস্থাপনায় টেক্সটাইল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় বাজারে পরিণত হচ্ছে। দক্ষ জনশক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও স্থিতিশীল অর্থনীতি বিদেশি বিনিয়োগের জন্য শক্ত ভিত্তি গড়ে দিয়েছে।

কোরিয়ান বিনিয়োগকারীদের মধ্যে ইয়ংওয়ান করপোরেশনের প্রেসিডেন্ট মিন-সুক লি বাংলাদেশে তাদের দীর্ঘদিনের সফল বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি গত দুই দশকে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন বিনিয়োগের প্রবেশদ্বার। বিডা ও সরকারের সাহসী সংস্কারমূলক পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করেছে।

এ ছাড়া FKI-এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী চ্যাং-বিওম কিম বলেন, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আমরা নতুন অর্থনৈতিক অধ্যায়ে প্রবেশ করছি। চলমান বাংলাদেশ-কোরিয়া Comprehensive Economic Partnership Agreement (CEPA) আলোচনা সম্পন্ন হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর হবে।

উল্লেখ্য, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে পাঁচ দিনের এই সফরে বিডা ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দল কোরিয়ার সংসদ সদস্য, গণমাধ্যম ও শিল্পনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবে এবং প্রবাসী কোরিয়ান ব্যবসায়ী ও একাডেমিয়া প্রতিনিধিদের সঙ্গে বিশেষ গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হবে।