প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাস্তবায়ন দাবি
ছবি: সংগৃহীত
রাজধানীর সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীরা বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে ‘প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত খসড়ার উপর অংশীজনের মতামত’ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রাকিব।
বৈঠকে অংশ নেন সাত কলেজের প্রতিনিধিরা। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. তানভীর, পিয়াস আলী, সোহেল রানা আনসারী, ইডেন মহিলা কলেজের ইকরা জাহাঙ্গীর, সাদিয়া আলমগীর, মারিয়া হক শৈলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রাকিব বলেন, আমরা দীর্ঘসূত্রিতা চাই না এবং দ্রুত প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন চাই। গণঅভ্যুত্থানের পরপরই সাত কলেজের সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার আমাদের দাবি মেনে নেয়।
রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে মডেল দেওয়া হয়েছে, সেটার সঙ্গে আমাদের দাবি সাংঘর্ষিক। আমরা চেয়েছি স্বতন্ত্র কাঠামো অর্থাৎ প্রত্যেক কলেজের ইতিহাস ও ঐতিহ্য ঠিক থাকবে এবং শিক্ষার মানের উন্নয়ন ঘটবে। তিনি বলেন, সরকার থেকে স্কুলিং মডেল দেওয়া হয়েছে, এটির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও দেওয়া হয়নি। শিক্ষার্থীরা স্কুলিং মডেল চায় না।
রাকিব বলেন, প্রত্যেক কলেজে নানা ধরনের স্টেক হোল্ডার থাকে, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। গুটিকয়েক শিক্ষার্থীর মতামতকে সবার মতামত বলে চালিয়ে দেওয়া হয়েছে। স্কুলিং মডেলের উদ্যোগ নেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। সাত কলেজের প্রেক্ষাপটে এই মডেল অনুপযোগী ও অযৌক্তিক। এই পদ্ধতিতে শিক্ষা সংকোচন হবে। তিনি বলেন, সরকারের আরো ভাবা উচিত এবং মডেল পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের মতামত নিয়ে দাবি বাস্তবায়ন করা হোক।