ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে
সংগ্রহীত ছবি
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির দায়ে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে কারাভোগ করবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নািসদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর থেকে কোনো ফরাসি সাবেক নেতাকে কারাগারে যেতে হয়নি।
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সারকোজি তাঁর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। তবে ৭০ বছর বয়সী সারকোজিকে এখন লা সান্তে কারাগারের আইসোলেশন শাখার ৯৫ বর্গফুট একটি কক্ষে থাকতে হবে।