দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন দরকার: মাসুদ সাঈদী
ছবি মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। নেতৃত্ব পরিবর্তন হলেও যদি নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি আগের মতোই থাকে, তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।’
গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকায় গণসংযোগ শেষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, ‘গত ১৫ বছর ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কোরআনের অনুষ্ঠান করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের আয়োজনও করতে দেয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কিছু দলের আচরণ মিলছে।
ফলে তারা জনগণ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।’
তিনি আরো বলেন, ‘একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন ও রাষ্ট্র পরিচালনা করেন।
ইতিহাস সাক্ষ্য দেয়—যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।’
মাসুদ সাঈদীর মতে, আজকের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে প্রথম কাজ হওয়া উচিত নীতির পরিবর্তন। গণ-অভ্যুত্থান-পরবর্তী এই বাংলাদেশে এখন প্রয়োজন এমন নীতি প্রতিষ্ঠা করা, যা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের ভিত্তিতে গঠিত।’