এবার তুরস্ক সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে
ছবিঃ সংগৃহীত
নতুন করে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রকেটসান’–এর চালানো এই পরীক্ষার ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ এই খবর জানান তিনি।
গোরগুন লিখেছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত...এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।
শিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান এবং যারা এই কাজে অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের ‘তাইফুন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল।
রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগির শুরু হবে।