বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

সংগ্রহীত ছবি

বগুড়ার শহরের সেউজগাড়ী এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক যুবক। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)।

তিনি শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। হামলায় গুরুতর আহত বাঁধন (২৬) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টার দিকে সেউজগাড়ী এলাকায় হঠাৎ চিৎকার শুনে লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অজ্ঞাতনামা কয়েকজন যুবক ধারাল অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খোকন ও আহত বাঁধনসহ প্রায় ১০-১২ জন যুবক বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে খান্দার এলাকা থেকে সেউজগাড়ী হয়ে শহরের দিকে ফিরছিলেন। আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের বহর থেকে খোকন ও বাঁধনকে ধরে অন্ধকারে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মোটরসাইকেলের সামনে ‘আইনজীবী’ লেখা একটি স্টিকার লাগানো ছিল।

এ ব্যাপারে তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহত হাবিবুর রহমান খোকনের লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’