বরগুনায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
বরগুনায় ইলেক্ট্রিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ভোর ৬টার দিকে জেলার তালতলী উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার মায়ের নাম রিপা বেগম।
জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ধানক্ষেতে ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। ইমরান সেই ফাঁদে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির মা রিপা বেগম বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে মারা গেল।
তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।