বাণিজ্য চুক্তি করতে একমত যুক্তরাষ্ট্র-চীন

বাণিজ্য চুক্তি করতে একমত যুক্তরাষ্ট্র-চীন

সংগ্রহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছেন। চুক্তির মেয়াদ হবে এক বছর। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সামিটে অংশ নিতে এসে ট্রাম্প ও শি আলাদাভাবে বৈঠক করেন। ২০১৯ সালের পর এটাই তাঁদের প্রথম বৈঠক।

গতকাল বৃহস্পতিবার এক ঘণ্টা ৪০ মিনিটের এই বৈঠক শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। আলোচনার বিষয়ে তিনি বলেন, আগামী এক বছর বিরল খনিজ সরবরাহ করবে চীন। এর পাশাপাশি বিরল খনিজ কেনার প্রক্রিয়াও সহজ করবে তারা।

চীনা পণ্যের ওপর রপ্তানি শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর বিপরীতে চীনও উল্লেখযোগ্য পরিমাণে সয়াবিনসহ অন্যান্য কৃষিজাত পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির কথা জানিয়েছে। বৈঠকে মাদক ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের সরবরাহ বন্ধ করা, চীনের বিরল ধাতব খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ, এআই চিপ এবং টিকটকের মালিকানার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে।