মিরসরাইয়ে বসতঘরে মিলল দশ পদ্ম গোখরা সাপের বাচ্চা
সংগ্রহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাপ উদ্ধারকারী স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’র সদস্য তারেক আজিজ বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পায়। খবর পেয়ে একটি রুম থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে আসি। এগুলো বর্তমানে আমার হেফাজতে রয়েছে।
তিনি আরো বলেন, একই দিন সন্ধ্যায় উপজেলার ইয়ারহাট এলাকার একটি বসতবাড়ির ইঁদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপগুলো শনিবার (১ নভেম্বর) সকালে পাহাড়ে অবমুক্ত করব।
মিরসরাই উপজেলার হিঙ্গুলী বন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।