গাইবান্ধায় সত্তরোর্ধ্ব নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় সত্তরোর্ধ্ব নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সত্তরোর্ধ্ব এক নারীকে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ধর্ষণ ও নির্যাতন মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে (৪৫) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে আইয়ুব আলী পলাতক ছিলেন। রবিবার (২ নভেম্বর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে।

পেশায় কৃষক এবং দুই সন্তানের জনক তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব আহম্মেদ জানান, ঘটনার পর অভিযুক্ত আইয়ুব আলী ঢাকায় পলাতক ছিলেন। তার অবস্থান শনাক্তের পর থানা পুলিশের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে সড়ক পথে সাদুল্লাপুরে আনা হচ্ছে।

সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ১৯ অক্টোবর দুপুরে আলীনগর গ্রাম নিজ বাড়ি থেকে একটু দূরে মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যান বৃদ্ধা। তখনই সেই নারীর হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় আইয়ুব আলী। ধর্ষণের শিকার বৃদ্ধা সাত সন্তানের জননী।

আহত অবস্থায় তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সেই নারীর ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা করেন।