কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ
ছবি: প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে (রেজিঃ নং খুলনা-২০৬৯) এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনন্দঘন পরিবেশে দায়িত্ব গ্রহণ করেছে। রবিবার ইউনিয়নের নিজস্ব অফিস কার্যালয়ে পুরাতন কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন অতীতেও ফ্যাসিস্ট সরকারের জুলুম, পীড়ন ও নানা নির্যাতনের মুখে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় ইউনিয়ন দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে এসেছে। ভবিষ্যতেও আমরা সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখব।”
সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের দাবি আদায় ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংগঠনটিকে আরও শক্তিশালী করে তুলতে আমরা কাজ করব। কার্যক্রমকে আরও বেগবান করার জন্য ইতোমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত সহ-সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল এবং নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের - বিএফইউজে'র অঙ্গ সংগঠন। আমরা শুধু কুষ্টিয়া না দেশের প্রতিটি সাংবাদিকদের পেশাগত দাবি আদায়, নিরাপত্তা নিশ্চিত করন ও সাংবাদিকদের কন্ঠ রোধ করার সকল কলা কানুনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। পরিশেষে তারা কুষ্টিয়ার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের স্বপক্ষের সংগঠন হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ধন্যবাদ জানান।