নোয়াখালীতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

নোয়াখালীতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

সংগ্রহীত ছবি

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও বিষোদ্‌গারের অভিযোগে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নোয়াখালী শাখাসভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ।

সভায় বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো রাজনৈতিক সুযোগ সন্ধানীরা এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির জনপ্রিয়তা কমাতে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এ ধরনের অপপ্রচারের জবাব আমরা মাঠে-ঘাটে দেব। রাজনীতিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য দলের নেতাদের বিরুদ্ধে কটূক্তি করা ঠিক নয়।

এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সবাইকে শালীন ভাষায় মত প্রকাশ করা উচিত।

জিয়া সাইবার ফোর্স নোয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল বলেন, অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান হয়ে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি রুখে দিতে আমাদের অনলাইন অ্যাকটিভিস্টদের সঠিক তথ্য, ছবি ও প্রমাণসহ জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে।

দল যাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে জিয়া সাইবার ফোর্স ও বিএনপি নেতাকর্মীরা। পরে তার ছবি সংবলিত কুশপুত্তলিকা দাহ করা হয়।