গাজা এখন ‘মাইনের শহর’

গাজা এখন ‘মাইনের শহর’

সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির তিন দিন পর মোহাম্মদ নূর ও তার পরিবার খান ইউনিস থেকে গাজা সিটিতে ফিরে আসেন। ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল তাদের বাড়ি-ঘর। এরপর উপায় না পেয়ে আল-শিফা হাসপাতালের পেছনে একটি তাঁবু ফেলেন তারা। চারপাশজুড়ে ছিল ধ্বংসযজ্ঞ আর ধুলো। একদিন আগুন জ্বালানোর জন্য নূর তার ছেলেকে কার্ডবোর্ড আনতে বলেন। ধ্বংসস্তূপে কাঠ খুঁজতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গভীরভাবে আহত হন নূরের ১১ বছরের ছেলে ও দুই ভাগনে। ইসরাইলের ফেলা হাজার হাজার অবিস্ফোরিত বোমা গাজাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অবরুদ্ধ গাজা এখন ‘মাইনের শহরে’ পরিণত হয়েছে।

গাজায় শিশুরা কাঠ বা খাবারের খোঁজে বেরোলে, অনেক সময়ই মাইনের ওপর পা দিচ্ছে, ফলে ঘটছে হতাহতের ঘটনা। জাতিসংঘও সতর্ক করেছে, গাজায় এখন প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি রাস্তা, এমনকি বাড়ি-ঘরের ভেতরেও আছে বিস্ফোরণের ঝুঁকি। মানুষ যখন ঘরে ফেরার চেষ্টা করছে বা পুনর্গঠন শুরু করছে, তখন এই অবিস্ফোরিত অস্ত্রগুলো তাদের জীবনের নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নূর বলেন, ‘আমি দেখলাম বিস্ফোরণে বাচ্চাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ছুটে গিয়ে দেখি আমার ছেলে আর ভাইবোনের ছেলেরা সবাই বেড়ার ওপর ঝুলে আছে। অবস্থা ছিল ভয়ানক।’ নূরের বোন ঘাদির আল-আনকার ছুটে এসে দেখেন, তার ছেলেও রক্তে ভেসে আছে। আহত শিশুদের সবাইকে আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ড্রপসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নূরের ছেলে জেইনের শরীরে ছোপ ছোপ ক্ষতের চিহ্ন, পায়ের হাড় আলাদা হয়ে গেছে। 

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস) জানায়, ওইদিন পাঁচ শিশু অবিস্ফোরিত বোমার কারণে আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সংস্থাটি বলেছে, যুদ্ধবিরতির পর গাজায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত অস্ত্র রয়ে গেছে। জানা যায়, অক্টোবর ২০২৩ থেকে শুধুমাত্র অবিস্ফোরিত বোমায় অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত ও ২৬৭ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা।

ইউএনএমএএস প্রধান লুক আরভিং জানান, ‘গাজা এখন কার্যত এক মাইনফিল্ড। ইসরাইল গাজায় যে ১০ হাজার টন বোমা ফেলেছে তা লন্ডন, ড্রেসডেন ও হামবুর্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা মোট বোমার চেয়েও বেশি।’ তাদের অনুমান, গাজায় নিক্ষিপ্ত অস্ত্রের ৫-১০ শতাংশ এখনো বিস্ফোরিত হয়নি। 

ইসরাইলি সংবাদমাধ্যম হারজৎ জানিয়েছে, এপ্রিল ২০২৫ পর্যন্ত ইসরাইলি বিমানবাহিনী অন্তত ৩,০০০ অবিস্ফোরিত বোমার কথা জানত। ইউএনএমএএস এখন পর্যন্ত ৫৬০টি এমন অস্ত্র শনাক্ত করেছে। তবে তারা বলেছে, পূর্ণ জরিপ না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়। 

গাজা সিটিতে এখনো ভাঙা সড়কে বুলডোজার কাজ করছে। পুরুষরা ধ্বংসসস্তূপে কাঠ ও প্রয়োজনীয় জিনিস খুঁজছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুশতাহা বলেন, ‘দ্বিতীয়বার ফিরে এসে দেখি সবকিছু একদম ধ্বংস। ভয়ানক দৃশ্য রাস্তা বন্ধ, চারপাশে ধাতু আর বোমার অবশিষ্টাংশ।’ গাজায় এখনো ন্যূনতম মানবিক সাহায্যও ঢুকতে দিচ্ছে না ইসরাইল। ফলে অবিস্ফোরিত বোমাগুলো অপসারণ শুরু করাও অসম্ভব হয়ে পড়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘গাজায় বর্তমানে প্রায় ৭১,০০০ টন বিস্ফোরক রয়েছে। যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এটি শিশুদের অসাবধানতা বা উদ্ধারকাজের সময়েও হতে পারে। বাসাল আরও জানান, ইসরাইল গাজায় ইঞ্জিনিয়ারিং ইউনিটের ৯০ শতাংশ সদস্যকে হত্যা করেছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ধ্বংস করেছে। এখন জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ দল ও যন্ত্রপাতির প্রয়োজন এই বিপদ সামলাতে। এগুলো না সরানো পর্যন্ত চরম ঝুঁকিতে থাকবে গাজা।