বান্দরবানে ছয় এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী
সংগ্রহীত ছবি
বান্দরবানে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ৬ জন এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সশস্ত্র সন্ত্রাসীদের হাতে রুমা, রোয়াংছড়িসহ বিভিন্ন এলাকায় এসব এতিম শিশুদের অভিভাবকরা নিহত হয়েছেন। এ ছাড়া অসুস্থ হয়েও কারো কারো অভিভাবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা সেনানিবাসে শিশুদের অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, বুধবার সকালে বান্দরবান সেনানিবাসে ৬ শিশুর অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিএসও ২) মেজর পারভেজ রহমান।
২০২৩ সালে বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন ক্রীস্টিনা বমের বাবা লাললক লিয়ান বম। আর্থিক সংকটের কারণে ৪ বছরের শিশুর পড়ালেখা করার কোনো উপায় ছিল না।
অন্যদিকে রুমা উপজেলার রনিনপাড়ায় ৫ বছর আগে অসুস্থ হয়ে মারা যান লালরাউ সাং-এর বাবা। শিশুটির মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। শিশুটি এখন এতিম। তার পড়ালেখাও বন্ধ।
স্থানীয়রা জানান, সম্প্রতি সেনাবাহিনী বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান এলাকা পরিদর্শনে গেলে এতিম শিশুদের দেখা পান। তিনি তাদের খোঁজখবর নেন এবং পড়াশোনার দায়িত্ব নেন।
মেজর পারভেজ রহমান বলেন, এই এতিম শিশুরা যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে সে জন্য তাদের প্রাথমিকভাবে এক বছরের খরচ ও শিক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে। শুধু এতিম শিশুদেরই নয়, দুর্গম এলাকায় যেসব লোকজন ক্ষতিগ্রস্ত তাদেরও নানাভাবে সহায়তা করছে সেনাবাহিনী।
এদিকে অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও অর্থ সহায়তাও দেওয়া হয়।