চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ছয় চোরাই গবাদিপশু জব্দ
সংগ্রহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ভারত থেকে চোরাচালানে আনা ৪টি গরু, পদ্মা নদীতে ভাসমান ২টি মহিষ এবং ৫০ কেজি ভারতীয় বিড়ি তৈরির মশলা জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির ৩টি বিশেষ টহল দল এসব অভিযান চালায়।
শুক্রবার রাত ১১টায় বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দূর্লভপুর, বাবুপুর ও মনাকষা এলাকার সোনাদিয়া, লক্ষ্মী ও চাচ্চুর চর এলাকা থেকে এসব মালামাল জব্দ হয়।
এসব মালামালের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাই মালামাল লুকিয়ে রাখার গোপন তথ্য পেয়ে অভিযান শুরু করা হয়। অভিযানে জব্দ মালামাল চাঁপাইনবাবগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
সীমান্ত চোরাচালান দমনে সম্প্রতি বিজিবি অভিযান জোরদার করেছে বলেও জানান তিনি।