রাঙ্গামাটিতে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সংগৃহীত
রাঙ্গামাটিতে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের রাঙ্গাপানি মাঠে জমজমাট এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এতে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার প্রমুখ।
ফাইনাল খেলা দেখতে মাঠ কনায় কনায় দর্শকে পরিপূর্ণ ছিলো। খেলা শুরুর আগে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিলাইছড়ি রাইখং একাদশ বনাম বরগাঙ কিংস একাদশ। নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ৪-৩ গোলে জয় পায় বিলাইছড়ি রাইখং একাদশ।
এই টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল ও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জনি মারমা। সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন অজন্তা চাকমা, সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সমর জয় তঞ্চঙ্গ্যা। তারা সকলেই বিলাইছড়ি রাইখং একাদশের খেলোয়াড়।
খেলা শেষে চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইখং একাদশকে ৫০ হাজার ও রানারআপ বরগাঙ কিংস একাদশকে দেয়া হয় ৩০ হাজার টাকার প্রাইজমানি। তা ছাড়া ট্রফি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।