সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার
আফরোজা আখতার
সাতক্ষীরা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আখতার। এই নিয়োগ সাতক্ষীরা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগ ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই রদবদলে সাতক্ষীরাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে আফরোজা আখতার পাবনা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।