ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ

ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ

সংগৃহীত

নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর সমন্বিত প্লাটফর্ম ‘ইলেকশন অবজারভার সোসাইটি’র (ইওএস) আত্মপ্রকাশ হয়েছে। ইকবাল হোসেন হীরাকে সভাপতি, মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক ও শহীদুল ইসলামকে প্রধান সমন্বয়ক করে এই সংস্থার একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নির্বাচনী পরিকল্পনাবিষয়ক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে ইওএস'র আত্মপ্রকাশ হয়।

হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উত্থাপন করেন ইলেকশন অবজারভার সোসাইটির নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন হীরা।

 

ইকবাল হোসেন হীরা বলেন, ইলেকশন অবজারভার সোসাইটি দেশে একটি নিরপেক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করবে।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ইমাম, খতিব, সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের সব স্টেকহোল্ডারকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করবো।

এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করছেন। যারা প্রতিটি নির্বাচনী এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি ও ভোটার অংশগ্রহণ মূল্যায়নে কাজ করবেন।