হাঁস পরিষ্কারের সহজ উপায়
ছবি: সংগৃহীত
শীত এলেই বেড়ে যায় হাঁসের মাংস খাওয়ার পরিমাণ। খিচুড়ি বা চালের আটার রুটির সঙ্গে ঝাল ঝাল হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে। তাই ভোজনরসিকরা শীতে খাবার পাতে এটি রাখেন। হাঁস খেতে যতটা মুখরোচক, এটি পরিষ্কার করা তত কঠিন। তাই হাঁসের মাংস পরিষ্কার করার ভয়ে অনেকেই এটি খেতে চান না।
হাঁস পরিষ্কার করা কিছুটা জটিল কাজ। কারণ এর লোমগুলো সহজে পরিষ্কার করা যায় না। বড় লোমগুলো পরিষ্কার করা গেলেও, ছোট লোমগুলো পরিষ্কার করা যথেষ্ট কঠিন হয়ে পড়ে। তাই কীভাবে সহজে হাঁসের লোম পরিষ্কার করা যায় সেই উপায় খোঁজেন সবাই। চলুন সেটিই আজ জেনে নেওয়া যাক-
গরম পানি
নাড়িভুঁড়ি বের করে হাঁসটিকে ৫ মিনিট গরম পানিতে ডুবিয়ে রাখুন। এতে হাত দিয়ে সহজেই বড় পালকগুলো তুলে ফেলতে পারবেন। প্রয়োজনে চিমটার সাহায্য নিতে পারেন।
তারের মাজুনি
এবার একটি তারের মাজুনি দিয়ে হাঁসটিকে ভালো করে ঘষুন। এতে ছোট লোমগুলো উঠে যাবে। অল্প সময়ে পরিষ্কার হয়ে যাবে হাঁস।
চালের গুঁড়া ও হলুদ
এরপরও একদম ছোট ছোট কিছু লোম হাঁসের শরীরে থেকে যায়। এগুলো পরিষ্কার করতে চালের গুঁড়া আর হলুদ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ হাঁসের গায়ে হালকা করে মেখে নিন। এরপর হালকা করে আগুনে ঝলসে নিন। আগুনে পোড়ানোর পর একটি পাতলা সুতি কাপড় দিয়ে হাঁসটিকে ঘষে নিন।
ব্যস, হাঁসের লোম সব গায়েব হয়ে যাবে নিমিষেই। এবার সুন্দর করে কেটে নিশ্চিন্তে রান্না করে ফেলুন মজাদার হাঁসের মাংস।