বথুয়া শাক খেলে কী কী উপকার মেলে?

বথুয়া শাক খেলে কী কী উপকার মেলে?

ছবি: সংগৃহীত

আবহাওয়ার পরিবর্তন ইতোমধ্যে টের পাওয়া যাচ্ছে। শেষরাতের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে। শীতকালে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনতে হয়। এ সময় সুস্থ থাকতে পাতে রাখতে পারেন বথুয়ার শাক। গ্রাম বাংলার এই শাকটি অসংখ্য রোগ থেকে দেয় মুক্তি। 

শীতে কেন খাবেন বথুয়ার শাক? কী কী উপকার মেলে এটি খেলে? চলুন জেনে নিই- 

বথুয়া শাক আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন এ সমৃদ্ধ একটি শাক, যা শীতকালে কেবল শরীরকে উষ্ণ রাখে না বরং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও। আয়ুর্বেদিক চিকিৎসকের মতে, শীতকালে বথুয়া শাক খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

বথুয়ার শাকে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রন, পটাসিয়াম, সোডিয়ামের মতো উপকারি সব উপাদান। আরও আছে ভিটামিন বি২, ভিটামিন বি৩ এবং ভিটামিন বি৫ যা সুস্বাস্থ্যের জন্য জরুরি। 

১. মাসিকের সমস্যা দূর করে 

নারীদের জন্য এই শাক ভীষণ উপকারি। কারণ বথুয়ার শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা নারীদের রক্তস্বল্পতার সমস্যা কমায়। এটি খেলে মাসিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

২. প্রস্রাবের জ্বালাপোড়া কমায় 

শীতকালে মানুষ পানি কম খায়। ফলে প্রস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে শুরু করে। বথুয়া শাক খেলে প্রস্রাবের জ্বালাপোড়া থেকেও মুক্তি মেলে। 

৩. কোষ্ঠকাঠিন্য থেকে উপশম মেলায়

হজমের সমস্যা কমাতে সাহায্য করে বথুয়া শাক। এই শাকে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং পানির উপাদান। ফলে বথুয়া শাক খেলে তা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। 

৪. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে 

ফাইবার সমৃদ্ধ বথুয়ার শাকে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। যে কারণে বথুয়া শাক খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে আবার তাতে বাড়তি ক্যালোরি জমারও ভয় থাকে না। ফলে ওজন কমানোর যাত্রা সহজ হয়। 

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ বথুয়া শাক ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় উপকারী। নিয়মিত বথুয়া শাক খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। যে কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হবে। 

এই শীতে সুস্থ থাকতে খাবার পাতে বথুয়ার শাক রাখতে পারেন নিশ্চিন্তে।