নারায়ণগঞ্জের সাইনবোর্ড শেল্টার হোম থেকে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার

নারায়ণগঞ্জের সাইনবোর্ড শেল্টার হোম থেকে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি শেল্টার হোম থেকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা অর্ধশতাধিক বিড়াল উদ্ধার করেছে প্রাণী অধিকার সংগঠন অ্যানিমাল রাইটস বিডি।  

শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওই এলাকা থেকে বিড়ালগুলো উদ্ধার করা হয়।

অ্যানিমাল রাইটস বিডির সদস্য সিফাত উল্লাহ জানান, শাহরিয়ার বিদ্যুৎ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিড়াল পালনের নামে অনুদান ও অর্থ সংগ্রহ করছিলেন।  সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ ও অবহেলিত বিড়ালের ছবি ব্যবহার করে তিনি ফান্ড তুলতেন।  কিন্তু বাস্তবে প্রাণীগুলোকে না খাইয়ে দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে ফেলে রাখা হয়েছিল।

সিফাত উল্লাহ আরও বলেন, ‘তিনি আমাদের কাছ থেকেও প্রতিদিন প্রতি বিড়াল খরচ দাবি করতেন। বিভিন্ন মানুষের কাছ থেকেও বিড়াল নেওয়ার সময় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিতেন। কিন্তু সংগৃহীত অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন।’

অ্যানিমেল রাইটস বিডির দাবি, শাহরিয়ার বিদ্যুতের ব্যক্তিগত জীবনও জটিল—তিনি নারায়ণগঞ্জে এক স্ত্রী ও গ্রামের বাড়িতে আরেক স্ত্রী নিয়ে বসবাস করেন।
অভিযোগের বিষয়ে শাহরিয়ার বিদ্যুৎ বলেন, ‘আমি একাই এই কাজ করি। বিড়ালগুলোর সঙ্গেই থাকি, খাই, ঘুমাই। একা সব কিছু করতে পারি না বলে পরিষ্কার-পরিচ্ছন্ন ঠিক থাকে না।’

তবে সংগঠনের সদস্যদের মতে, শাহরিয়ারের কথাবার্তা ও আচরণে তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা গেছে।  তারা বলেন, ‘ওই স্থানটি কোনোভাবেই বিড়াল রাখার উপযুক্ত নয়। তাই আমরা বিড়ালগুলো উদ্ধার করেছি। ভবিষ্যতে যদি সে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তাকে আবার প্রাণীগুলো লালন-পালনের সুযোগ দেওয়া হতে পারে।’

উদ্ধারকৃত বিড়ালগুলোকে সংগঠনের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।