রাজধানীর পুরান ঢাকায় সিনেমা স্টাইলে গুলি, যা দেখা গেল সিসি ক্যামেরায়

রাজধানীর পুরান ঢাকায় সিনেমা স্টাইলে গুলি, যা দেখা গেল সিসি ক্যামেরায়

ছবি সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম তারিক সাইফ মামুন (৫৫)। 

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালটির সামনে তারিক সাইফ মামুনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়- তার বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়। তিনি বর্তমানে  বাড্ডার আফতাব নগরের ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। 

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের কাছে অজ্ঞাত ব্যক্তিরা একজনকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসি ফুটেজে দেখা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে মানুষ আসা যাওয়া করছে। হঠাৎ একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পড়ে যান। এমন সময় পেছন থেকে দুইজন ব্যক্তিকে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়। দূর থেকে একজন গুলি করেন। পরে অস্ত্র হাতে ওই দুইজনই পড়ে যাওয়া ব্যক্তির কাছে এসে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত তারা স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মী জানান, আমরা হাসপাতালের ভেতরের দিকে ছিলাম। দুর্বৃত্তরা একজনকে ধাওয়া করতে করতে হাসপাতালের গেটে আসলে প্রথমে পায়ে গুলি করে। পরবর্তীতে তাকে আবার কয়েকটি গুলি করে। এ বিষয়ে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করতে পারিনি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।