প্রিয়জনকে হারানোর স্বপ্ন দেখার অর্থ কী?

প্রিয়জনকে হারানোর স্বপ্ন দেখার অর্থ কী?

ছবি: সংগৃহীত

স্বপ্নের নানা ধরন হয়। কখনো আমরা সুখের স্বপ্ন দেখি, কখনো দুঃখ স্বপ্নে নাড়া দিয়ে ওঠে। অনেকেই প্রিয়জনকে হারানোর স্বপ্ন দেখেন। সাধারণ এই স্বপ্নটি কখনো কখনো উদ্বেগের কারণ হয়ে ওঠে। ঘুমের শান্তি নষ্ট করে দেয়। তাই এমন স্বপ্নকে দুঃস্বপ্ন বলা হয়। 

প্রিয়জনকে হারানোর স্বপ্ন কীসের ইঙ্গিত দেয়? 

এ ধরনের স্বপ্ন সাধারণত মানসিক চাপ, উদ্বেগ বা জীবনের বড় কোনো পরিবর্তনের সাথে সম্পর্কিত। র‌্যাপিড আই মুভমেন্ট ঘুমের (REM sleep) সময় এমনটা ঘটে থাকে। প্রিয়জনকে হারানোর স্বপ্ন দেখার নেপথ্যে বেশ কিছু কারণও থাকে। যেমন—

তীব্র মানসিক চাপ ও উদ্বেগ: 

দৈনন্দিন জীবনে অতিরিক্ত দুশ্চিন্তা বা চাপের মধ্যে থাকলে মন ঘুমের মধ্যেও সেই চাপগুলোকে প্রক্রিয়া করার চেষ্টা করে। ফলে মানুষ দুঃস্বপ্ন দেখে। অর্থাৎ বাস্তব জীবনে মানসিক চাপে ভোগার কারণে এমন স্বপ্ন দেখতে পারেন। 

ভয় ও নিরাপত্তাহীনতা: 

আমাদের মনে প্রায়ই প্রিয়জনকে হারানোর ভয় থাকে। তাদের থেকে দূরে সরে যাওয়ার নিরাপত্তাহীনতা আমাদের তাড়িয়ে বেড়ায়। এই বিষয়টিই স্বপ্নে প্রতিফলিত হতে পারে।

বিচ্ছেদ বা ক্ষতি: 

বাস্তবে কোনো প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ (যেমন ব্রেকআপ, দূরে চলে যাওয়া বা মৃত্যু) বা অন্য কোনো বড় ক্ষতির অভিজ্ঞতা থাকলে মন সেই বেদনা স্বপ্নে বারবার ফিরিয়ে আনে।

জীবনযাত্রার পরিবর্তন: 

নতুন চাকরি, নতুন এলাকায় ট্রান্সফার, সম্পর্কের পরিবর্তন—এই ধরনের বড় পরিবর্তনগুলোও মানসিক অস্থিরতা সৃষ্টি করে। যা থেকে দুঃস্বপ্ন জন্ম নিতে পারে। 

কিছু ওষুধ বা অসুস্থতা: 

নির্দিষ্ট কিছু ওষুধ বা মানসিক স্বাস্থ্য সমস্যা (যেমন ডিপ্রেশন, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) দুঃস্বপ্ন বাড়িয়ে দিতে পারে।

এমন স্বপ্ন দেখলে বাস্তব জীবনের মানসিক চাপ কমিয়ে আনুন। স্ট্রেস ফ্রি হয়ে ঘুমানোর চেষ্টা করুন। দিনের বেলা প্রিয়জনকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবুন।